বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফররত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। গতকাল বুধবার বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়।
বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফ্রিকা বিনিয়োগ করতে পারে। এতে দুদেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক বাড়বে।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।
এ সময় বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এ দেশে ডায়মন্ডখচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোনো ডায়মন্ড কাটিং কারখানা নেই। তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে আহ্বান জানান।
