বগুড়া সদরে মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামে এক অটোরিকশা চালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন।
নিহত সাওয়াল উপজেলার শহরতলীর ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তার লাশ শুক্রবার দুপুরে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সাওয়ালের বাবা পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন বলেন, সাওয়ালের প্রতিবেশী রেজাউলের বাসা থেকে কয়েক দিন আগে একটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নেন তিনি। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
