টেলিভিশন পর্দার অঘোষিত কিং জিয়াউল ফারুক অপূর্বের বিরুদ্ধে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের আনিত অভিযোগ মিথ্যা বলে প্রতীয়মান হয়। ১৬ মার্চ (সোমবার) অভিনয় শিল্পী সংঘের অফিসে দুই সংগঠনের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে অপূর্বর নামে এমন অনভিপ্রেত অভিযোগ আনার কারণে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাব জানায়, চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছেন। সেক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ তা উভয় পক্ষ সমন্বয় করে নেবেন।
অপূর্বর উপর আনিত অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগে গত দুইদিনে সোশ্যালে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইকে বয়কটের ডাক তুলেন অপূর্ব ভক্তরা। সেইসঙ্গে অভিযোগটি মিথ্যা দাবি করে অভিনেতার পাশে দাঁড়ান ইণ্ডাস্ট্রির শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা। সবার এমন সাপোর্ট ও ভালোবাসায় রীতিমতো আপ্লুত অপূর্ব।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘শুধু এটা নয়, যেকোনো বিপদ কিংবা খারাপ সময়ে বন্ধু কিংবা সহকর্মীদের সবাইকে পাশে পেয়েছি আমি। তবে এই দুইটা দিন আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা মনে রাখব, তাদের ভালোবাসার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। শিল্পী, নির্মাতা, প্রযোজক এমনকি সাংবাদিক ভাই-বোন, প্রোডাকশনের ছেলে থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, সবার কাছেই আমি ঋণী। তারা সব সময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সবার কাছে কৃতজ্ঞ আমি। সেইসঙ্গে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের অভিনয়শিল্পী সংঘ ও টেলিপ্যাবকে। পুরো বিষয়টিকে সুন্দরভাবে সমাধান করার জন্য।’
নাটকের ‘বড় ছেলে’ আরও বলেন, ‘আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি যা পেয়েছি তা কতজনের ভাগ্যে জোটে, আমি জানি না। কিন্তু আমি পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা। আমার কোনো কিছু হলে গোটা ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়ে। ইন্ডাস্ট্রির সবাই এতো সম্মান, ভালোবাসা দিয়েছে যা আসলে বর্ণনাতীত। এদিক থেকে আমি অনেক বেশি সৌভাগ্যবান। বড়রা আমাকে অনেক আদর করে, ছোটরা সম্মান করে, ভাই-বন্ধুরা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। আমি এই ইন্ডাস্ট্রির খুবই আদরের ছেলে। সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার যখনই কোনো বিপদ হয়েছে আমি মুখ দিয়ে আওয়াজ করার আগেই দেখি আমার আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। এটা শুধু এই ঘটনায় নয়, সবসময়। আমার যখন করোনা হয়েছিল সেইসময়েও এটা টের পেয়েছি। পুরো দেশে তখন লকডাউন কিন্তু আমাকে দেখতে সবাই হাসপাতালে হাজির। দিন নেই রাত নেই সবকিছু রেখে সবাই আমার পাশে এসে থেকেছে, আমাকে একটু সাহস দিতে। এইসব তো আমি ভুলতে পারব না কখনও। ভালোবাসার প্রতিদানে আমি শুধু ভালোবাসাই দিতে জানি। একটা ইন্ডাস্ট্রির এত এত মানুষ আমাকে ভালোবাসে, আগলে রাখে—এটা ভাবতেই আমার বুকটা চউড়া হয়ে উঠে। আমি সবার আদরের ছেলে হয়েই থাকতে চাই সবসময়।’
এর আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এর নামে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে গত ৩ মার্চ লিগ্যাল নোটিশ পাঠায় আলফা আই। এরপর গত ১১ মার্চ লিখিত অভিযোগ দেয় অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল ১৬ মার্চ (সোমবার) অভিনয় শিল্পী সংঘের অফিসে দুই সংগঠনের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন শাহরিয়ার শাকিল। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
