ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে তাকে ইউনিয়নের দুর্গনগর সিংহপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। মোশারফ হোসেন (৫১) ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ফেনী নদীর শুভপুর ইউনিয়ন ও গোপাল ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত বলে স্থানীয়রা দাবি করেছেন।
জানা যায়, ফেনী নদী থেকে বালু উত্তোলনের জন্য শুভপুর বালু মহাল ইজারা নিয়েছেন পাঠান নগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। ওই ইজারার নাম করে গত কয়েক বছর অন্তত ফেনী নদীর ৮-১০টি স্থানে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি, বাড়িঘর, আশ্রয়ণ কেন্দ্র, সরকারি সেচ স্কিমের সামগ্রী এবং কবরস্থান ভেঙে নদীতে বিলীন হতে থাকে। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি একটি মামলা করে। ওই মামলায় রবিবার ভোরে মোশাররফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, মোশারফ হোসেনকে পানি উন্নয়ন বোর্ডের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
