দিলকুশা স্পোর্টিংকে গোল বন্যায় ভাসিয়েছে মোহামেডান। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের ম্যাচে সাদা-কালোরা জিতেছে ১১-১ গোলে। দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারাতে বেগ পেতে হয়েছে ঊষা ক্রীড়া চক্রকে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঊষার জয় ৩-২ ব্যবধানে।
মোহামেডানের বড় জয়ে বড় ভূমিকা ছিল অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও মালয়েশিয়ান ফয়জাল বিন সারির। দুজনই হ্যাটট্রিকসহ ৪টি করে গোল করেন। এছাড়া আমিরুল ইসলাম, মালয়েশিয়ান ফাইজ হেলমি বিন জালি, দীপু সিংহা ও দ্বীন ইসলাম ইমন একটি করে গোল করেন। দিলকুশার হয়ে একমাত্র গোলটি আসে হাবুলের স্টিক থেকে। প্রথম কোয়ার্টারে ৪-০ তে এগিয়ে যাওয়া মোহামেডানকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি দিলকুশা।
দিনের দ্বিতীয় ম্যাচে ঊষাকে দারুণ চ্যালেঞ্জ জানিয়েও শেষ পর্যন্ত হার বরণ করেছে পুলিশ। ঊষার দুই ভারতীয় মোহাম্মদ শারিক ও অনিকেত গুরাভ একটি গোল করেন। ঊষার অপর গোলটি করেন তরুণ মিডফিল্ডার তৈয়ব আলী। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয় দলটির। পুলিশের হয়ে গোল করেন পাকিস্তানের ইহতিসাম আসলাম এবং ভারতের দীপক প্যাটেল। পঞ্চম ম্যাচে এটি ঊষার তৃতীয় জয়।
