ট্রাকে দেড় কোটি টাকার হেরোইন দুজন গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:০৩ এএম

গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাকে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বালুগ্রাম এলাকার ফাহাদ হোসেন (২৭) ও সাফাত হোসেন (২০)। এ ঘটনার সঙ্গে যুক্ত আনোয়ার ও মান্নান নামে আরও দুজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (অপরাধ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) খাইরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাক থামানো হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঠের ট্রিপ নিয়ে ট্রাকটি মিরপুর ভাসানটেক এলাকায় নামিয়ে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছে। আচরণ সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ট্রাকের ড্রাইভিং সিটের নিচে হেরোইনের ১৪টি প্যাকেটে পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত