আতলেতিকোর দুর্গ ভাঙলো বার্সেলোনা, জাভিকে লালকার্ড

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম

লা লিগা শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ শক্ত অবস্থানে আছে। কিন্তু বার্সেলোনা মৌসুমের অন্যতম কঠিন ম্যাচ জিতে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিলো। রবিবার আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচের বেশিরভাগ সময় তারা ডাগআউটে পায়নি কোচ জাভি হার্নান্দেজকে। দুটি হলুদ কার্ড দিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।

চলতি মৌসুমে লা লিগায় আতলেতিকোর মাঠে এই প্রথম জিততে পারল কোনো দল। ডিয়েগো সিমেওনের দল নিজ আঙিনায় আগের ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল, ড্র হয়েছিল একটি। তাদেরকে হারিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা ছুঁয়ে ফেলল দুই অঙ্ক, ১০ ম্যাচ। 

গত ডিসেম্বরে জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ঘরের মাঠে আতলেতিকোকে হারিয়েছিল বার্সেলোনা। পর্তুগিজ তারকা আবারও তার সাবেক ক্লাবের বিপক্ষে জালের দেখা পান। ৩৮তম মিনিটে রবার্ট লেভানডফস্কির পাস ধরে প্রথম গোল করেন ম্যাচের।

খানিক পর রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মিনিট তিনেকের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় বার্সেলোনা জাভিকে।

জাভিকে লালকার্ড দেখান রেফারি  
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে রাফিনিয়া বাড়ান বক্সে। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন পোলিশ স্ট্রাইকার। 

৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে বার্সেলোনা। বক্সের ডান দিক থেকে লেভানডফস্কির ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লোপেজ। 

২৯ ম্যাচে ১৯তম জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে জিরোনাকে নিচে ঠেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। শীর্ষের রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থাকলেও লা লিগার শিরোপা নিয়ে হাল ছাড়ছেন না জাভি, 'আমরা যেভাবে চাইছিলাম, খেলেছি প্রায় সেভাবেই। আমরা বার্সা, কখনও হাল ছাড়ি না। মৌসুমের মর্যাদার দুটি শিরোপার (লা লিগা, চ্যাম্পিয়নস লিগ) জন্যই লড়াই করব শেষ পর্যন্ত।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত