মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের মো. সোহাগ, একই গ্রামের হাবিয়া বেগম, শাহিনুর ইসলাম ওরফে নেরন, নাধন ও মত্ত ঢাকুয়াপাড়া গ্রামের মো. আলমগীর। মামলা থেকে মো. খলিল, আলী আকবর ও টুটুলকে খালাস প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি সোহাগ কাঁচামাল ব্যবসায়ী মাজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্য আসামিদের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন সকাল ৬টার দিকে মাজমের লাশ সোহাগদের চৌচালা টিনের ঘরের উত্তর পশ্চিম পাশে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম ৮ জনের নামে ও আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় ২০১৬ সালের জুন মাসের ২৯ তারিখে মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ওসি মো. আমিনুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।
তবে রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান খলিল ও মো. শাহজাহান। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
বংশালে ছাদ থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা
কেজিতে তরমুজ বিক্রি হয় জানে না চাষি