অভিযান না থামলে হোটেল রেস্তোরাঁ বন্ধের হুমকি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১৬ এএম

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে একটি রেস্তোরাঁয় অগ্নিকা-ের ঘটনায় হতাহতের পর দফায় দফায় রেস্তোরাঁগুলোতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব অভিযানের নামে ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। এ সময় অভিযান বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল সোমবার রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইমরান হাসান বলেন, রাজউক তাদের ব্যর্থতা ঢাকার জন্য বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে প্রাণঘাতী অগ্নিকা-ের ঘটনা কেন্দ্র করে বিনা নোটিসে রাজধানীর বিভিন্ন ভবনে হানা দিয়ে অনেক রেস্তোরাঁ বন্ধ করে দিচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

দ্রুত চলমান সমস্যার সমাধান করে রাজউকের প্রত্যেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা উচিত।

এই ব্যবসায়ী নেতা বলেন, আবাসিক ভবনগুলোতে নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এসব অভিযানে, আবার কোনো কোনো জায়গায় গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। এ পর্যন্ত ৮০০টির বেশি রেস্তোরাঁ বন্ধ হয়েছে, এর মধ্যে সরকারিভাবে ২৬০টির মতো বন্ধ করে দিয়েছে।

ইমরান হাসান বলেন, ‘অনেকে অভিযান ও জরিমানার ভয়ে রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে। ইমারত বিধির ১৯৫২ সালের একটা আইন আছে, আপনি ভবনের অনুমতি নিয়ে যদি সেটা ইউজ না করেন সে ক্ষেত্রেও আপনাকে একটা ১২ মাসের নোটিস দেওয়া উচিত, কিন্তু এখানে আমি বলব যেভাবে রেস্তোরাঁ ভাঙচুর এবং সিলগালা করে দিয়েছে, কোনো পেপার্সও দেওয়া হয়নি আমাদের যে এ কারণে সিলগালা করে দেওয়া হলো।’

এদিন রাজউককে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দাবি করে ইমরান বলেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে রাজউক। তাদের ব্যর্থতার জন্য আজকে সারা ঢাকা শহর জঞ্জালে পরিণত হয়েছে। কিন্তু এদের নিয়ে কেউ কোনো কথা বলে না।

তাদের প্রত্যেকটি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা উচিত।

তিনি বলেন, ‘রাজউকের এফ-১ ও এফ-২-এর নামে যে নৈরাজ্য চলছে তা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা জানি কমার্শিয়াল স্পেসে রেস্তোরাঁ ব্যবসা করা যাবে। রাজউকের ২০২২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত ড্যাবের মাস্টারপ্ল্যানেও ব্যবসায়ীদের ভবন মিশ্র ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।’

এ সময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনী, সহসভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত