বার্সেলোনা খেলতে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে। তাই লা লিগার ম্যাচটা ঘিরে প্রত্যাশা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। কিন্তু সেটা হলো না। দাপট দেখিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এ জয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে বার্সা। আর ম্যাচ হেরে সেরা চারের বাইরে ছিটকে গেছে অ্যাথলেটিকো। ২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য এখন ৮। দুইয়ে উঠে এলেও শিরোপা–দৌড়ে ফেরা বার্সার জন্য এখনো দূরের বাতিঘর।
তবে শেষ ১০ ম্যাচে কিংবা জাভির মৌসুম শেষে বিদায় ঘোষণার পর থেকে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। গত ২৮ জানুয়ারি ভিয়ারিয়ালের কাছে ৫–৩ গোলে হারের পরই মৌসুম শেষে বিদায়ের সিদ্ধান্ত জানান জাভি। ‘ক্লাবের ভালোর’ জন্য এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জাভি।
সে সময় লা লিগায় রিয়ালের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সা। ২১ ম্যাচ শেষে তিনে থাকা বার্সার পয়েন্ট ছিল ৪৪। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রিয়াল ও ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল জিরোনা। এমনকি এর এক সপ্তাহ আগে কোপা দেল রে থেকেও বিদায় হয়ে গিয়েছিল বার্সার।
সেদিনের পর ১০ ম্যাচে খেলে কোনোটিতেই হারেনি তারা, ৭ জয়ের বিপরীতে আছে ৩ ড্র। এমনকি জাভির বিদায় ঘোষণার পর লা লিগায় সবচেয়ে বেশি পয়েন্টও পেয়েছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের ১৮ পয়েন্টের বিপরীতে বার্সা অর্জন করেছে ২০ পয়েন্ট (৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্র)। তাতে লা লিগার শিরোপা লড়াইয়ে আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও চার বছর পর শেষ আটের টিকিট পেয়েছে বার্সা।
তাহলে জাভি কি সিদ্ধান্ত বদলাবেন? বার্সার থেকেও মিলেছে সবুজসংকেত। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জাভি নিজেই। বলেছেন, ‘আমার সিদ্ধান্ত বদলাবে না, ক্লাব সেটা ভালোভাবেই জানে। আমার পরিকল্পনা ৩০ জুন পর্যন্তই বার্সায় থাকা।’
