শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে অপরাজিত ৩৭ রানের ইনিংসে দলকে ম্যাচ ও সিরিজ জেতান মুশফিকুর রহিম। ট্রফি হাতে ফটোসেশনের আগে তার হেলমেট নিয়ে খুনসুটি উদযাপনের আনন্দ বাড়িয়ে দেয় আরও। তারপরই এসেছে দুসংবাদ। শেষ ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘ ম্যাচ শেষে ঢাকায় ফিরে এক্সরে পরীক্ষায় মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ে। ৩-৪ সপ্তাহর জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে।’
তার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশ রূপান্তরকে জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। আপাতত তার টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত। মেডিকেল বিভাগ চূড়ান্তভাবে নিশ্চিত করলে আমরা তার ইনজুরি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানাবো এবং সময়মতো তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।’
সাধারণত এমন ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।
তাসকিন আহমেদের করা একটি ডেলিভারি গ্লাভসে নিতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। ওই সময় ধারাভাষ্যকাররাও আঘাত দেখে গুরুতর মনে করেন। ম্যাচ শেষে করা পরীক্ষায় জানা যায়, আপাতত খেলা চালিয়ে যেতে পারবেন না তিনি।
দলে মুশফিকের বিকল্প কে হবেন সেটা পরবর্তীতে জানানো হবে বলে বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
