শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে অপরাজিত ৩৭ রানের ইনিংসে দলকে ম্যাচ ও সিরিজ জেতান মুশফিকুর রহিম। ট্রফি হাতে ফটোসেশনের আগে তার হেলমেট নিয়ে খুনসুটি উদযাপনের আনন্দ বাড়িয়ে দেয় আরও। তারপরই এসেছে দুসংবাদ। শেষ ম্যাচে উইকেট কিপিংয়ের সময় আঙুলে চোট পান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘ম্যাচ শেষে ঢাকায় ফিরে এক্সরে পরীক্ষায় মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ে। ৩-৪ সপ্তাহের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে।’
তার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশ রূপান্তরকে জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। আপাতত তার টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত। মেডিকেল বিভাগ চূড়ান্তভাবে নিশ্চিত করলে তার ইনজুরি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানাব এবং সময়মতো তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।’
সাধারণত এমন ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। সোমবার চট্টগ্রামে তাসকিন আহমেদের করা একটি ডেলিভারি গ্লাভসে নিতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। ওই সময় ধারাভাষ্যকাররাও আঘাত দেখে গুরুতর মনে করেন। ম্যাচ শেষে করা পরীক্ষায় জানা যায়, আপাতত খেলা চালিয়ে যেতে পারবেন না তিনি। দলে মুশফিকের বিকল্প কে হবেন সেটা পরবর্তী সময়ে জানানো হবে বলে বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শ্রীলঙ্কা মুশফিকের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার গড় ৩৮.০৯ হলেও লঙ্কানদের বিপক্ষে গড় ৫৩.৮৪। তাদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটিও করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন খেলেন শুধু টেস্ট ও ওয়ানডে। তবে তার টেস্ট মিস করা মোটেও নিয়মিত ঘটনা নয়। ২০০৫ সালে অভিষেকের পর ২০০৮ সাল থেকে টেস্ট দলে নিয়মিত হন। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মাত্র ৭টি টেস্ট মিস করেছেন তিনি।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের কোনো টেস্টেই ছিলেন না মুশফিক। হজ করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৮৮ ম্যাচে এখন পর্যন্ত ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান। এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না টেস্টে সর্বোচ্চ আরও দুই রান সংগ্রাহক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকেও। সাকিব বিশ্রামে আছেন, বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম।
