পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ইফতার, তারাবি ও সাহরির সময় এমনভাবে নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি, যাতে করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।
গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি এসব কথা বলেন। এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির অন্য নেতারা এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যানজট প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের সব সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যধদের সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ও সেবা সুনিশ্চিত করতে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
