স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল নির্ধারণ করতে সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে।
এদিকে সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে বিজি প্রেসের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে। এছাড়া বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সূত্র জানায়, এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে।
এদিকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি বাদ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো পরিবর্তন হবে কিনা সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রের তথ্যমতে, ঝিনাইদহ-১ উপনির্বাচনের তফসিলও আজ হতে পারে। কমিশনের আজকের সভার আলোচ্যসূচিতে ঝিনাইদহ-১ শূন্য আসনে উপনির্বাচনের বিষয়টিও রাখা হয়েছে। এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই ১৬ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।
দেশ রূপান্তরের সাংবাদিক রানার বিরুদ্ধে সব অভিযোগ দ্রুত প্রত্যাহারের আহ্বান সিপিজের