লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে বড় শাস্তি পেলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। প্রতিযোগিতাটিতে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি।
জাভির দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা বৃহস্পতিবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তাকে ৬০০ ইউরো ও ক্লাবকে ৭০০ ইউরো জরিমানাও করা হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর লা লিগায় লাস পালমাস ও কাদিসের বিপক্ষে ম্যাচে জাভিকে পাবে না বার্সেলোনা। আগামী ২১ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্লাসিকোয় ডাগআউটে ফিরতে পারবেন তিনি। কোচের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবে বার্সেলোনা।
চলতি মৌসুমে ৪৪ বছর বয়সী জাভির দ্বিতীয় লাল কার্ড দেখার ঘটনা এটি। ধারণা করা হচ্ছিল, হয়তো তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। সেক্ষেত্রে তিনি আগামী মাসে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে থাকতে পারতেন না।
