কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার করতে আসা উদ্ধারকারী দুটি ট্রেনের মধ্যে একটি উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে হাসানপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে এটিকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ শেষ করে উদ্ধারকারী একটি ট্রেন হাসানপুর রেল স্টেশনে আসে। সেখানে শান্টিং দেওয়ার সময় স্টেশন মাস্টার পয়েন্ট মেলানো ভুল করলে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। গতকাল সকালে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে এটিকে উদ্ধার করে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের কাজ করতে শেষ রাতে উদ্ধারকারী একটি ট্রেন হাসানপুর স্টেশন আসে। সেখানে শান্টিং দেওয়ার সময় মাস্টারের ভুলে পয়েন্ট না মেলানোর কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়। অন্যান্য ট্রেন যাতায়াতে কোনো বাধা সৃষ্টি হয়নি। সকালে ইঞ্জিনটি উদ্ধার করা হয়।
