এক সপ্তাহে দুই দফা গুলিবর্ষণ, আলামত পায়নি পুলিশ

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:০১ এএম

গাজীপুরের শ্রীপুরে এক সপ্তাহের মধ্যে এক স্কুলশিক্ষকের বাড়িতে একাধিক ‘গুলি’র ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওনা উত্তরপাড়া গ্রামের একটি বহুতল ভবনের দুটি তলায় গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গত ১৪ মার্চ রাতে একই কায়দায় ওই বাড়িতে গুলি ছোড়া হয়েছিল। তবে পুলিশ বলছে, গুলি ছোড়ার কোনো আলামত তাদের চোখে পড়েনি।

বুধবারের এ ঘটনায় বাসার মালিক আবু নাছের গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগে কাউকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। অবশ্য পুলিশ বলছে, এটি কোনো গুলির ঘটনা নয়। তবুও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

একই বাড়িতে দফায় দফায় এমন ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহুতল ওই ভবনের বাসিন্দাদের (ভাড়াটিয়া) কয়েকজন বাড়ি ছাড়ার কথা জানিয়েছেন মালিককে। এ অবস্থায় বাড়ির মালিকও অর্থনৈতিক ক্ষতিগ্রস্তের শঙ্কায় পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে স্কুলশিক্ষক আবু নাছেরের বহুতল ভবন (ছয়তলা) চতুর্থতলায় গুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আশপাশের বেশ কিছু বাসায় তল্লাশি চালায় পুলিশ। তবে গুলির কোনো আলামত খুঁজে পায়নি। তারা আরও জানান, সপ্তাহ ঘুরতেই বুধবার রাত একই (রাত ১২টা) সময়ে ওই বহুতল ভবনের পঞ্চমতলায় গুলির ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত