নিরামিষ খাবার সরবরাহের জন্য ভিন্ন পোষাক আমদানি করে বিতর্কে জোম্যাটো। তার মধ্যেই ফাঁস হল, এই অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের সিইও দীপিন্দর গোয়েলের বিয়ের খবর। দ্বিতীয়বার বিয়ে করলেন জোম্যাটোর সিইও দীপিন্দর। পাত্রী মেক্সিকান মডেল গ্রেসিয়া মুনোজ।
শোনা যাচ্ছে, কয়েক মাস আগেই চুপিসারে বিয়ে করেন দীপিন্দর। মেক্সিকান মডেলের সঙ্গে হানিমুনেও গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আপাতত ভারতে ফিরে চুটিয়ে সংসার করছেন নবদম্পতি। তবে বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জোম্যাটো প্রধান।
তাদের বিয়ের জল্পনা শুরু হয় গ্রেসিয়ার ইনস্টাগ্রাম থেকে। সম্প্রতি নিজের বায়োতে তিনি লেখেন, ভারতে এসে নতুন জীবন শুরু করেছেন। তারপর থেকেই জল্পনা, তাহলে কি জোম্যাটোর সিইও বিয়ে সেরে ফেলেছেন?
এর আগে কাঞ্চন জোশীকে বিয়ে করেছিলেন দীপিন্দর। আইআইটি দিল্লিতে একসঙ্গে পড়তেন তারা। তবে সেই বিয়ে টেকেনি। কয়েক বছরের মধ্যেই ভেঙে যায় তাদের সম্পর্ক। যদিও নিজের ডিভোর্স নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি জোম্যাটোর সিইও।
গত মঙ্গলবার নতুন পরিষেবা আনার ঘোষণা দেয় জোম্যাটো। বলে, এখন থেকে ১০০ শতাংশ নিরামিষ খাবার ডেলিভারি করবে তারা। এক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারি করা হবে সবুজ বাক্সে। আমিষ খাবার পরিবেশন করা হয়, এমন কোনো দোকান থেকেও নিরামিষ আনা হবে না। এই ঘোষণা হতেই দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়। বাধ্য হয়ে পরের দিনই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জোম্যাটো।
২০০৮ সালে জোম্যাটো প্রতিষ্ঠা করেছিলেন দীপিন্দর। চীনের অ্যান্ট গ্রুপ এই সংস্থায় বিনিয়োগ করেছিল। বর্তমানে ভারতের এগিয়ে থাকা স্টার্টআপগুলোর মধ্যে অন্যতম এই সংস্থা।
