ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ঋণ মওকুফ চাইলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

ভারতের সঙ্গে টানাপোড়েন সম্পর্কের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানিয়েছেন, ভারত তাদের ঘনিষ্ঠতম সঙ্গী। তার দাবি ভারত তাদের ঋণ মওকুফ করে দিক। তিনি আরও দাবি করেছেন, এমন কোনো পদক্ষেপ তিনি নেননি বা এমন কোনো বিবৃতি দেননি, যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে পারে।

সম্প্রতি স্থানীয় মিডিয়া 'মিহারু'-এর এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট মুইজ্জু এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সাক্ষাৎকার।

ওই সাক্ষাৎকারে মুইজ্জু বলেন, ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনেক প্রকল্প করা হয়েছে নয়াদিল্লির সমর্থনে। এর পাশাপাশি ভারতকেই মালদ্বীপের ঘনিষ্ঠতম সঙ্গী বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গেই মুইজ্জু বলেন, তার আশা ভারতের থেকে আগের সরকার যা ঋণ নিয়েছিল তা মকুব করে দেবে মোদি সরকার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারতের কথা লড়াই তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজ্জু দলের একাধিক নেতা। এমনকি প্রেসিডেন্ট মুইজ্জু ইন্ডিয়া আউট লাইনে নির্বাচনী প্রচার চালান বলেও জানা যায়। 

গত বছরের শেষ পর্যন্ত হিসেব অনুযায়ী ভারতের কাছে মালদ্বীপের ঋণ প্রায় ৪০০.৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত