গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স পরীক্ষার ১০ বস্তা খাতা চুরি হয়েছে। শুক্রবার দুপুরে কলেজের স্টোর রুমের তালা ভেঙে খাতাগুলো চুরি হয়। এ ঘটনায় ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইফফাত আরা বাদী হয়ে বাসন থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া সব খাতা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজের অনিক নামের অনার্সের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরার অধীনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাসের স্টোর রুমের মধ্যে রাখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ১৯ বস্তা উত্তরপত্র এবং তার সহকর্মী একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাদাত হোসেনের অধীনে অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ২০ বস্তা উত্তরপত্রসহ মোট ৩৯ বস্তা উত্তরপত্র ওই স্টোর রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ছিল।
সহযোগী অধ্যাপক ইফফাত আরা বলেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা পর্যন্ত স্টোর রুমের তালা সঠিকভাবে লাগানো ছিল। পরদিন শুক্রবার দুপুর দুইটার দিকে কলেজের নিরাপত্তা প্রহরী শ্রী সুশিল ও নিরঞ্জন কলেজের অধ্যক্ষকে খাতা চুরির বিষয়টি জানায়। সংবাদ পেয়ে তিনি কলেজে ছুটে যান এবং স্টোর রুমে গিয়ে দেখতে পান দশ বস্তা পরীক্ষার উত্তরপত্র চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বিএম আব্দুল হান্নান বলেন, শুক্রবার দিনের বেলায় স্টোর রুমের তালা ভেঙে খাতা চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। চুরি হওয়া সব খাতা উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই মো. নাজমুল হক বলেন, চুরি করা খাতাগুলো জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজ সংলগ্ন একটি দোকানে বিক্রি করতে গেলে দোকানি ২০২৪ সালের পরীক্ষার খাতা থাকায় তা ক্রয় করেননি। খবর পেয়ে পুলিশ খাতাগুলো উদ্ধার করে। খাতা চুরির ঘটনায় অনিক নামে অনার্স পড়ুয়া ওই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করে বের করা হচ্ছে।
