বৃষ্টিতে মায়ামির জালে গোলবৃস্টি

নিউইয়র্ক রেড বুলস ৪-০ ইন্টার মায়ামি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:০৬ পিএম

মেজর লিগ সকারে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে মেসিহীন মায়ামিকে। দুই ম্যাচ জয়ের পর এ হার। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকেও একধাপ নিচে নামল লিওনেল মেসির দল। তাকে ছাড়া খেলতে নেমে রবিবার দলটি হেরেছে নিউইর্য়ক রেড বুলসের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

ইনজুরির শিকার হয়ে ফুটবল থেকে দূরে আছেন মেসি। দলের প্রাণভোমরাকে ছাড়া খেলতে নেমে সবশেষ ৪ ম্যাচের মধ্যে ২টিতেই হারল জেরার্দো মার্তিনোর দল। 

নিউইর্য়কের হয়ে হ্যাটট্রিক করেছেন সাবেক মায়ামি ফরোয়ার্ড লুইস মরগ্যান। ওয়াইকেলম্যান কারমোনা করেছেন একটি গোল। হ্যাটট্রিক অ্যাসিস্ট করেন দান্তে ভানজের।

প্রচন্ড বৃষ্টির মধ্যে রেড বুল অ্যারেনায় মাত্র ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যায় নিউইর্য়ক। বেলজিয়ান ফুটবলার দান্তে ভানজেরের অ্যাসিস্টে লুইস এ সময় গোলটি করেন। দ্বিতীয় গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতি থেকে ফিরে এসে ৫১ মিনিটে সেই ভানজেরের সহায়তায় জোড়া গোল পূর্ণ করেন লুইস।

প্রচন্ড বৃষ্টির মধ্যে হয় খেলা

ভানজেরের অ্যাসিস্টে কারমোনা ৬৬ মিনিটে জালের দেখা পান। এর ৪ মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন লুইস। ৭৮ মিনিটে জালের দেখা পেয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল। হার নিয়েই মাঠ ছাড়তে হয় লুইস সুয়ারেজ-জর্দি আলবাদের।

ম্যাচ শেষে দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ জেরার্দো মার্তিনো, ‘এ ম্যাচে রেড বুলের জয়ের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ছিল না। যখন একটি দল জয়ের ইচ্ছা ছাড়া এবং কোনো অনুপ্রেরণা ছাড়া খেলতে নামে, আর অন্য দলটি জয়ের জন্য নামে, তখন তারা জিতে যায়।’

মেসি না থাকার কারণে এত বড় হার কি না, জানতে চাইলে মার্তিনো বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের না থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু গত সপ্তাহে ডিসি ইউনাইটেডের বিপক্ষে লিও (মেসি) খেলেনি (সে ম্যাচে ৩–১ ব্যবধানে জিতেছিল মায়ামি)।’

নিজেদের হার আর সিনসিনাতির জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে একধাপ অবনমন হয়েছে ইন্টার মায়ামির। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে এসেছে মেসির দল। এক ম্যাচ কম খেলা সিনসিনাতি ১১ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউইয়র্ক।

ম্যাচ হারের সঙ্গে এদিন আরও একটি কারণে সমালোচিত হয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে দেরি করে মাঠে নামে তারা। সে সময় মায়ামির খেলোয়াড়দের জন্য রেড বুলকে মাঠে অপেক্ষা করতে দেখা যায়। মায়ামির এমন আচরণ হিসেবে হতাশা প্রকাশ করেছেন সাবেক মার্কিন ফুটবলার টেলর টুয়েলম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘ইন্টার মায়ামি যা করল, তা পুরোপুরি হাস্যকর।’

হলুদ কার্ড দেখেন লুইস সুয়ারেজ

এমএলএসে ইন্টার মায়ামি নিজেদের পরের ম্যাচ খেলবে ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে। ঘরের মাঠে সে ম্যাচেও মেসি পাবে না দলটি। ৩ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মন্টেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা আর্জেন্টাইন অধিনায়কের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত