কেনিয়া ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে এক দশক। তাই দেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলছিলেন অলরাউন্ডার কলিন্স ওবুয়া। এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২৩ বছরের পথচলার ইতি টানলেন ওবুয়া।
আফ্রিকা গেমসের তৃতীয় স্থানের প্লে-অফে আজ উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানান ৪২ বছরের ওবুয়া। ম্যাচটি ১০৬ রানে হারে কেনিয়া।
ওবুয়ার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার স্থায়ী হলো ২২ বছর ২২১ দিন। পুরুষ ক্রিকেটে তার চেয়ে বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন কেবল সাত জন। সবচেয়ে বেশি উইলফ্রেড রোডস (৩০ বছর ৩১৫ দিন)।
২০০১ সালের ১৫ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ওবুয়া। দেশের হয়ে ১০৪ ওয়ানডেতে করেন ২ হাজার ৪৪ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৩৫টি।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে স্ট্যাটাস হারায় কেনিয়া।
টি-টোয়েন্টিতে কেনিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ওবুয়া। ৭৬ ম্যাচে করেছেন ১ হাজার ৭৯৪ রান। উইকেট নিয়েছেন ২৫টি।
কেনিয়ার ২০০৩ বিশ্বকাপ সেমি-ফাইনালে ওঠায় বড় ভূমিকা ছিল ওবুয়ার। ২০০৩ বিশ্বকাপে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছিল কেনিয়া। সেই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ওবুয়া। লঙ্কানদের বিপক্ষে ১০ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। ওয়ানডেতে কেনিয়ার কারও সেরা বোলিংও এটি।
