গাজায় একদিনে নিহত আরও ৮১, মৃত্যু বেড়ে ৩২৪১৪

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:১৩ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত ও ৯৩ জন আহত হয়েছে। এতে গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৭৪ হাজার ৭৮৭ জন ফিলিস্তিনি। সোমবার (২৫ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য  মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় ইতোমধ্যে গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে গাজার সকলেই খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। হাজার হাজার মানুষ কোনো আশ্রয় ছাড়াই সেখানে বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুব কম ত্রাণবাহী ট্রাক সেখানে প্রবেশ করেছে।

এদিকে দীর্ঘ টানাপড়েনের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে আটক থাকা বন্দীদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির বিষয়টিও আছে। গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি ভোটের জন্য তোলা হলে পরিষদের সব সদস্য পক্ষে ভোট দেয়। তবে ভোটদানে বিরত ছিল ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবটির বিপক্ষে তারা কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত