জাপানে শিশুদের চেয়ে বয়স্কদের ডায়াপার বিক্রি বেশি

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম

সম্প্রতি শিশুদের জন্য ডায়াপার উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে জাপানের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওজি হোল্ডিংস। শুধু তা-ই নয়, এর পরিবর্তে প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াপার তৈরি করবে তারা। জাপানে শিশুদের চেয়ে বয়স্কদের ডায়াপার বিক্রির হার বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্তত এক দশকেরও বেশি সময় ধরে জাপানে শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্কদের ডায়াপার বিক্রি বেশি হচ্ছে।

ওজি হোল্ডিংস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সহযোগী সংস্থা ‘ওজি নেপিয়া’ বর্তমানে শিশুদের জন্য বছরে ৪০০ মিলিয়ন ডায়াপার তৈরি করে। ২০০১ সাল থেকে তাদের ডায়াপার উৎপাদন হ্রাস পাচ্ছে। একসময় সংস্থাটি ৭০০ মিলিয়ন ডায়াপার তৈরি করত। যদিও তারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শিশুদের জন্য ডায়াপার তৈরি করবে বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, জাপানে এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। এদের প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বা তারও বেশি। গত বছর প্রথমবারের মতো ৮০ বছরের বেশি বয়সীদের অনুপাত ১০ শতাংশ অতিক্রম করে। বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস দেশটির জন্য একটি সংকটে পরিণত হয়েছে। 

২০২৩ সালে জাপানে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল ৭ লাখ ৫৮ হাজার ৬৩১, যা আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ কম। এই সংখ্যা ১৯ শতকের পর জাপানে রেকর্ড সর্বনিম্ন জন্মের সংখ্যা ছিল।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত