কেজরিওয়াল ইস্যু: মার্কিন কূটনীতিককে ডেকে সতর্ক করল ভারত

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনার প্রতি নজর রাখছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্যের পর আজ বুধবার দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন উপ-প্রধান গ্লোরিয়া বারবেনাকে ডেকে সতর্ক করল ভারত। এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল তাকে। প্রায় ৪০ মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন বারবেনা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেভাবে ভারতের একটি আইনি কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

রাষ্ট্রগুলো একে অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ের প্রতি সম্মান দেখাবে, এটাই কূটনীতিতে আশা করা হয়। বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই দায়িত্বটা আরও বেশি। এর অন্যথা হলে অস্বাস্থ্যকর উদাহরণ তৈরি হতে পারে। ভারতের আইনি ব্যবস্থাকে অপবাদ দেওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে প্রতিবেদনগুলোর ওপর নজর রাখছে তারা। কারাবন্দী আম আদমি পার্টি প্রধান যাতে ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার সুবিধা পান, তাও নিশ্চিত করার কথা বলা হয়।

এর আগে জার্মানিও কেজরিওয়ালের গ্রেপ্তার ইস্যুতে মন্তব্য করায় ক্ষুব্ধ ও কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ২১ মার্চ আবগারি দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। তিনিই ভারতের প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত