বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদ-ের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার (পিএম) পাওয়া গেছে বাংলাদেশের বাতাসে। ২০২৩ সালে বাতাসের গুণগত মানের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল দেশ। পরিবেশবাদীরা বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি দিতে গেলে তা নিতে গড়িমসি করেন দপ্তর সংশ্লিষ্টরা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এ ঘটনা ঘটে।
বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংগঠনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে যায়। সেখান থেকে জানানো হয়, মহাপরিচালক না থাকায় তার অনুমতি ছাড়া স্মারকলিপি গ্রহণ করা হবে না। পরে বাপা নেতারা দপ্তরে গিয়ে অতিরিক্ত মহাপরিচালকের কাছে দিতে চাইলে প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি। একপর্যায়ে শর্তসাপেক্ষে সাংবাদিক ছাড়া ৩-৪ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
