আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিনের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে হাজির করানো হয় তাকে। সেখানেই আদালত আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের মেয়াদ বাড়ায়। এর আগে কেজরিওয়ালকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হওয়া নিয়েও এদিন মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
আদালতে তার সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এছাড়া অতিশী, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আপ নেতারাও ছিলেন। আদালতে আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল বলেন, ‘ইডির রিমান্ডের আবেদনের বিরোধিতা করছি না। ওরা যত দিন চায় আমাকে হেফাজতে রাখতে পারে। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দুটি উদ্দেশ্য। এক, আপকে ভেঙে দেওয়া। দুই, আড়ালে তোলাবাজির চক্র চালানো।’
তিনি বলেন, ‘ইডি বলছে আবগারি দুর্নীতিতে ১০০ কোটি রুপি নয়ছয় হয়েছে। তা হলে সেই টাকা কোথায় গেল? আসল দুর্নীতিটা শুরু হয়েছে ইডির তদন্ত শুরু হওয়ার পর। আমাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আদালতে আমাকে অপরাধী প্রমাণ করা যায়নি। সিবিআই ৩১ হাজার এবং ইডি ২৫ হাজার পৃষ্ঠার চার্জশিট দিয়েছে। সেগুলো পড়েও আমাকে গ্রেপ্তার করার কারণ খুঁজে পাওয়া যাবে না।’
অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার
আবগারি দুর্নীতি কী? কেন গ্রেপ্তার হলেন কেজরিওয়াল
৭ দিনের রিমান্ডে অরবিন্দ কেজরিওয়াল