নেতিবাচক রাজনীতি করছে বলে বিএনপি প্রাসঙ্গিকতা হারাচ্ছে

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৩০ এএম

বিএনপির রাজনীতি নেতিবাচক এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দিন যতই যাচ্ছে, বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সংকুচিত হয়ে যাচ্ছে।’

গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের মাঝে ইফতারি ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি বিএনপির এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশির দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে-প্রাণে ধারণ করি।’ তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দলীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করছে। আর বিএনপি বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করে। বিএনপি এই ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে বলে মন্তব্য করেন কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া ও নির্বাচন বানচালের চক্রান্ত করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি মনে করেন, বিএনপি এই অন্ধকার থেকে আর বের হতে পারছে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা বিশ্বে সংকটের যে প্রতিক্রিয়া, আমাদের এখানেও ধাক্কা লেগেছে। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো দক্ষ, বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ মোটামুটি ভালো আছে। তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে ভালো।’

বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী আওয়ামী লীগ সরকার কর্তৃক নিগৃহীত ও নির্যাতিত হচ্ছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে অভিযোগ করেছেন, সেটার সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুলকে বলব, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করুন। ৮০ ভাগ নেতাকর্মী এরা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমীর খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ইফতারে ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত