হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই লক্ষ্য: জ্যোতি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে একেবারেই কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলার নারীরা। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমে তিন ম্যাচেই নিদারুণ হার দেখতে হয়েছে। এমনকি কোনো ম্যাচেই নিজেদের সংগ্রহ তিন অঙ্কে নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে সিরিজের সেই স্মৃতি ভুলে আগামীকাল টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কণ্ঠে তার ফিরে আসার প্রত্যয়। জ্যোতি বলেন, ‘যেসব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না।’

ফরম্যাট বদলে যাচ্ছে। জ্যোতি বলেন, ‘যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইব। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি কিন্তু অল্পের জন্য হয়নি।’

ওয়ানডে সিরিজে হারানো আত্মবিশ্বাস টি-টোয়েন্টি দিয়ে ফেরানোর লক্ষ্য বাংলাদেশের। জ্যোতি জানান, ‘দশা কী হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা ফিরিয়ে আনা আমাদেরই দায়িত্ব। বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কিভাবে ফেরানো যায়।’

কাল মিরপুরে দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত