লক্ষ্মীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:৫৬ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধরা উপজেলার রাখালিয়ায় অবস্থিত বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে। পরে রাস্তা থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আবদুল্লাহ আল শেখ সাদি, ওসি ইয়াসিন ফারুক মজুমদার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত। তাদের উপস্থিতিতে বৈঠক শেষে কর্তৃপক্ষ আজ রবিবার দুপুরের মধ্যে বেতন-ভাতার আংশিক পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এর আগে পূর্ব ঘোষণা ও বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে শ্রমিকরা জানিয়েছেন।

আন্দোলনরত শ্রমিক শিল্পী বেগম বলেন, কারখানাটিতে ১৯৫০ জন শ্রমিক কর্মরত। তাদের ২ থেকে ৬ মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। জেনারেল ম্যানেজার তাদের কোনো সদুত্তর দিতে না পারায় তারা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ‘ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। রবিবার বিকেলের মধ্যে তাদের পাওনার ১৫ শতাংশ পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ আসলে এবং ব্যাংকিং চালু হলে সবার দাবি-দাওয়া পূরণ করে দেওয়া হবে।’

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। রবিবার ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত