সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারী উল্লেখ করে মিঠুন সরকার নামে এক ব্যক্তির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সাভারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গতকাল শনিবার দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধন হয়। এতে একাত্ম প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ্রগ্রহণ করেন।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, মিঠুন সরকার নামে এক ব্যক্তি সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে আসছে। এ ছাড়া সে সাভার প্রেস ক্লাবের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করে আসছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, মিঠুন সরকার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণœসহ থানায় মিথ্যা অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি ও হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। হত্যার হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে গত বুধবার রাতে সাভার মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায়, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য এবং আরটিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।
মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায়।
