জমিতে পানি দিতে গিয়ে আর ফিরে আসেনি আব্দুল রহিম

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে ফসলি জমিতে পানি দিতে গিয়ে আব্দুল রহিম (৩০) নামের এক কৃষক আর ফিরে আসেনি। রবিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আত্রাখালী নদীর তীরে মেরাগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি—এটি হত্যা। আব্দুল রহিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল রহিম তার কৃষিজমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পাড়ের একটি মেরাগাছে রহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

নিহত আব্দুল রহিমের চাচা আহমদ আলী বলেন, রহিম রাতে বাড়িতে না ফেরায় তার মা রবিবার সকালে খুঁজতে বের হয়। একপর্যায়ে নদীর পাড়ে গিয়ে দেখেন একটা মেরাগাছে রহিমের মরদেহ ঝুলছে। সে নিজে আত্মহত্যা করছে এমন কোনো লক্ষণ তার শরীরে নেই। কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত