দেশের শিশুদের জন্য তৃণপর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ জানালে ইউনিসেফ প্রতিনিধিদল তাদের আগ্রহের কথা প্রকাশ করে।
গতকাল রবিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট এবং জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এ বিশেষ সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া প্রমুখ।
