রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আনিসুর রহমান (৬০) বলে জানা গেছে। একটি কারখানার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। তখন দ্রুতগতির একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে তার। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর জুরাইনে একটি কারখানায় কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। মরদহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
