প্রীতি ম্যাচে ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে খেলতে চান এমি মার্তিনেজ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম

সদ্য শেষ হওয়া ফিফা উইন্ডোতে এল সালভাদর ও কোস্টারিকার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একই সময়ে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হয় আর্জেন্টিনার তথাকথিত ছোট দলের বিপক্ষে খেলা নিয়ে।

এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্তিনেজও বললেন, এল সালভাদর-কোস্টারিকার মতো দলের বিপক্ষে খেলার চেয়ে ইংল্যান্ড বা স্পেনের মতো দলের বিপক্ষে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ।

মার্তিনেজ বলেন, ‘এল সালভাদরকে ছোট না করেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল। কিন্তু তাদের (এল সালভাদর ও কোস্টিরিকা) সঙ্গেও আমাদের নিজেদের সেরাটা দিয়েই খেলতে হয়েছে। এল সালভাদরের বিপক্ষে খেলাটা মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।’

ফিফা র‌্যাংকিংয়ে সালভাদর (৮১) এবং কোস্টারিকা (৫৪) তুলনামূলকভাবে বেশ পিছিয়ে থাকা দল।

কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে গুয়েতেমালার বিপক্ষে। আর ২১ জুন কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ কানাডা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত