হিটের প্রকল্প পরিচালক হলেন প্রফেসর আসাদুজ্জামান

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে পূর্ণকালীন প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসাদুজ্জামান।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের নিকট তিনি সম্প্রতি যোগদান পত্র পেশ করেন। যোগদান শেষে তিনি ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও রূপান্তরে হিট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতামূলক সম্পর্ক জোরদার হবে।

প্রফেসর আসাদুজ্জামান চুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি কোরিয়ার ইউনিভার্সিটি অব উলসান থেকে ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ওপর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জলবায়ু প্রভাব প্রশমিতকরণে নবায়নযোগ্য শক্তি ও ওয়াইফাই সেন্সিং ভিত্তিক মাটির গুণমান এবং ফসলের বৃদ্ধি বিষয়ে গবেষণা পরিচালনা করেন। 

এ ছাড়া তিনি চুয়েটে আইআইসিটির পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠাসহ বেসিক কম্পিউটার নেটওয়ারর্ক স্থাপনের সাথে যুক্ত ছিলেন। স্কোপাসসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৫৮টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত