খুলনায় বেসরকারি সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত জুটমিলে আগুন লাগে।
রাত সাড়ে ৮টায় আগুন লাগার পর দীর্ঘ তিনঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ডিডি) ফারুক হোসেন সিকদার ও টুটপাড়া স্টেশনের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ সালাম জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
