ভিসা কার্ড থেকে সরাসরি পেমেন্ট সুবিধা বিকাশ অ্যাপে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম

সুবিধাজনক হওয়ায় অনেক গ্রাহকই ডিজিটাল পেমেন্টে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন। কিন্তু দরকারি পণ্য এবং সেবা কিনে বিভিন্ন দোকানে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা ডিজিটাল পেমেন্ট করতে পারছেন না সেখানে ব্যয়সাপেক্ষ পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন না থাকায়। তবে এ ধরনের ছোট দোকান থেকে শুরু করে সুপারস্টোর, রেস্টুরেন্টসহ অনলাইন ও অফলাইন শপে রয়েছে বিকাশ পেমেন্টের সুবিধা, যার মাধ্যমে নিরাপদে ক্যাশলেস লেনদেন করতে পারছেন বিকাশের ৭ কোটি ৫০ লাখ গ্রাহক।

ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, ঝামেলাহীন ও নিরাপদ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ভিসা কার্ড দিয়ে সরাসরি বিকাশ পেমেন্টের সুবিধা। ফলে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকলেও, ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন গ্রাহকরা।

এমনই এক গ্রাহক পারভিন আক্তার। চাকরিজীবী এই নারী বলেন, ‘এখন ক্যাশ টাকা নিয়ে ঘোরা ঝামেলা মনে হয়, এ কারণে যতটা সম্ভব ডিজিটাল লেনদেনের চেষ্টা করি। যদিও অনেক জায়গায় কার্ডে পেমেন্টের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হতো। তবে অনেক দোকানেই এখন বিকাশ পেমেন্টের ব্যবস্থা থাকায় কার্ড থেকে পেমেন্ট করা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কেননা ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাপ দিয়েই সরাসরি পেমেন্ট করে দেওয়া যাচ্ছে।’

পারভিনের মতো বহু গ্রাহক এখন খুব সহজেই তাদের ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড বিকাশ অ্যাপে সংযুক্ত করে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে করে তুলতে পারছেন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তারাও পিওএস মেশিন না বসিয়েও বিকাশের কিউআরের মাধ্যমে গ্রহণ করতে পারছেন ভিসা কার্ড থেকে পেমেন্ট। এ ধরনের উদ্ভাবনী সেবা দেশে স্মার্ট অর্থনীতি বাস্তবায়নের পথে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার প্রয়াস। এভাবেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে তাদের ডিজিটাল লেনদেনের সেবার আওতায় নিয়ে আসতে পারছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত