নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের জেলা অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মোজাম্মেল হক।
মোজাম্মেল হক জানান, ২০১৩ সালে ওই কলেজে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রভাষক পদে তিনি নিয়োগ পান। নিয়োগের সময় সাড়ে ১৩ লাখ টাকা প্রদান করেন। নিয়োগের পর জানতে পারেন ওই পদে বেতনের অনুমোদন নেই। পরে ২০১৯ সালে অনুমোদন হলে অধ্যক্ষ এই পদ থেকে তাকে সরিয়ে নিজের শ্যালিকাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে অধ্যক্ষের দাবি করা আরও ৫ লাখ টাকা দিতে না চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। অধ্যক্ষ অবৈধভাবে নিজের স্ত্রীকে কলেজে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিক সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
