ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান জ্যোতিরা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫২ এএম

অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই তিন অঙ্ক ছুঁতে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে ৯৫, ৯৭ ও ৮৯ রানে। সেই তুলনায় প্রথম দুই টি-টোয়েন্টিতেই ছাড়িয়েছিল ১০০। প্রথম ম্যাচে ১২৬-এর পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জ্যোতিরা করেন ১০৩। কিন্তু শেষ ম্যাচে আর ধৈর্য ধারণ করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার ১৫৫ রানের বিপরীতে ৭৮ রান করে ম্যাচ হেরেছে।

বাংলাদেশে বছরের শেষদিকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজে সেরা দলটা এনেছিল অস্ট্রেলিয়া। দুই সিরিজেই বাংলাদেশকে ধবলধোলাই করে বিশ্বকাপের জন্য বার্তা দিয়ে রাখল সবচেয়ে বেশি ৬ বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।

তুলনামূলক ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে অস্ট্রেলিয়াকে ১৫০ পার করানোর পেছনে অবদান মূলত দুটি ইনিংসের ওপেনার ও অধিনায়ক অ্যালিসা হিলির ২৯ বলে ৪৫ রানের সঙ্গে পাঁচে নামা তালিয়া ম্যাকগ্রার ২৯ বলে ৪৩ রানের। শরীফা খাতুনের ১৮তম ওভার থেকে ১৯, নাহিদা আকতারের ১৯তম ওভার থেকে ১৪ আর ফারিহা তৃষ্ণার শেষ ওভার থেকে ১৪ রান তুলে নেন অজিরা। ৪ ওভারে ৩১ রানে নাহিদা আক্তার নেন ৩ উইকেট।

বড় লক্ষ্যে বাংলাদেশ এলোমেলো হয়ে পড়ে শুরুতেই। প্রথম ওভারেই মেগান শুটের বলে ক্যাচ তোলেন মুর্শিদা খাতুন। একে একে সাত বোলারকে আনেন হিলি, উইকেটের দেখা পান সবাই। আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে এতজন বোলিং করে সবারই উইকেটের দেখা পাওয়ার এটিই একমাত্র ঘটনা। (সহযোগী দেশগুলোর মধ্যে এমন আছে আরও তিনবার।) ৫৩ রানেই ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে অস্ট্রেলিয়াকে একটু অপেক্ষায় রাখেন অধিনায়ক জ্যোতি ও শেষ ব্যাটার তৃষ্ণা। দুজন ব্যাট করেন ৪.১ ওভার।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে নাহিদা দুদলের স্কিলের পার্থক্যের কথা তুলে ধরেন, ‘অস্ট্রেলিয়ার অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে। আমাদের ব্যাটারদের মধ্যেও অনেক ভালো স্কিল আছে। আমাদের মধ্যেও সেঞ্চুরি আসছে, ফিফটি আসছে। আমরা সবসময় বিশ্বাস রাখি, আমাদের যে ব্যাটাররা আছে, তারা আরও ভালো করতে পারবে।’

তিনি বলেন, ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান তারা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৫/৬ (হিলি ৪৫, তালিয়া ৪৩, গ্রেস ১১, গার্ডনার ১৬; নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯, শরীফা ১/৩১)। বাংলাদেশ: ১৮.১ ওভারে ৭৮ (নিগার ৩২, দিলারা ১২, ফাহিমা ১১, রিতু ১০; টায়লা ৩/১২, ওয়ারেহাম ২/১, গার্ডনার ১/৪)

ফল: অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী। ম্যাচসেরা: টায়লা ভ্যালিমিক। সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত