চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫)। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শীলকুপের মাইজপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু ওয়াজিফা বেগম মাইজপাড়া এলাকার আবু ছালেকের কন্যা। অপর শিশু মারিয়া আক্তার মাইজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা।
জানা যায়, দুই শিশু একসাথে খেলাধুলা করে। তারা দুজনই খেলার সাথী।
শীলকুপ ইউনিয়ন পরিষদেরসদস্য মো. রাশেদ নুরী বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় তারা। দুপুর ১২টার দিকে হঠাৎ পুকুরে চোখ পড়তেই মারিয়ার লাশ পুকুরে ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফাকে।
দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
