‘অপারেশন করে কোনো লাভ হয়েছিল? ক্ষতিটাই বেশি হয়েছে।’ শুক্রবার (৫ এপ্রিল) দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই পোস্ট দিয়েছে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাপ্টেন ফ্লেমিং।
গত ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র নিয়ে যায় তারা। সঙ্গে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা। গতকাল নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
ধারণা করা হচ্ছে সম্প্রতি এসব ঘটনা ও আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনকে কেন্দ্র করে স্ট্যাটাস দিয়েছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এর আগেও ফেসবুক পেজে কেএনএফের পক্ষ থেকে বিভিন্ন পোস্ট করা হয়।
গত ১২ মার্চ আরেক পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী চুক্তি ভঙ্গ করে বম সম্প্রদায়ের লালমুয়ানওম বম (গিলগাল বা অবচলিত পাড়া) এবং রামনুয়াম বম (দুনিবার পাড়া) দুজনকে আটক করেছে। নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করা না হলে এর ফিডব্যাক খুব ভালোভাবে দেয়া হবে। কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চের পক্ষে ক্যাপ্টেন ফ্লেমিংয়ের নামে পোস্ট দেয়া হয়।
এছাড়াও গত মাসের ১১ মার্চ আরেকটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘কেএনএফ’র ডিমান্ডিং এলাকায় কোনো সন্ত্রাসী সংগঠন (জেএসএস এবং সংস্কার) থাকবে না।
একইদিন আরেকটি স্ট্যাটাসে লিখেন, জেএসএস সন্ত্রাসীরা সিভিলিয়ানদের ঘরবাড়িতে রকেট লঞ্চার নিক্ষেপ করে নিজেদের সক্ষমতা কতোটুকু তা দেখিয়ে দিয়েছে। যেখানে ২মিনিট থেকে যুদ্ধ করতে পারোনি সেখানে আবার এমএনপি হেডকোয়ার্টার নাকি গুড়িয়ে দিবে। জেএলএ শিয়াল বাহিনীর সাহসীকতা দেখে আমি ক্যাপ্টেন ফ্লেমিং সত্যিই শিহরিত।
