গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হত্যা  

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লেবু শেখ (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জমি সংক্রান্ত বিরোধে ওই কলা ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে জানা গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারককৃত এজহার নামীয় আসামি হলো গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর (দক্ষিণ পাড়া) আলিমুদ্দিনের ছেলে আলম ওরফে নুর আলম (৩৩) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে ফজলে রাব্বী (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর (জঙ্গলমারা) গ্রামের লেবু শেখের সঙ্গে পাশের গ্রাম জরিপপুরের (দক্ষিণ পাড়া) আলম ওরফে নুর আলম এবং ফজলে রাব্বীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। কয়েকদিন আগে নুর আলম ও ফজলে রাব্বীর কাছে বিরোধপূর্ণ জমি থেকে প্রাপ্য জমি বুঝে চান লেবু শেখ। এ নিয়ে (৩০ মার্চ) সকালে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। 

এদিকে, ওই দিন বিকেলে লেবু শেখ উপজেলার রাজাবিরাট হাটে কলা বিক্রি করতে যান। কলা বিক্রি শেষে লেবু শেখ বাইসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার চককোচমুরী এলাকায় পৌঁছালে লেবু শেখের ওপর হামলা করে  নুর আলম ও ফজলে রাব্বিসহ কয়েকজন ব্যক্তি। এ সময় তারা ধাড়ালো অস্ত্র দিয়ে লেবু শেখের গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় (৩১ মার্চ)  নিহত কলা ব্যবসায়ী লেবু শেখের ছেলে নাইম ইসলাম (২৪) বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত