নিউ ইয়র্কে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, স্থানীয় সময় ১০টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ এপ্রিল) বিবিসি জানিয়েছে, নিউ ইয়র্ক ছাড়াও বোস্টন এবং ফিলাডেলফিয়াসহ বেশ কয়েকটি বড় শহরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, যা নিউ জার্সির কাছে। এটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৪০ মাইল পশ্চিমে।

বিবিসির এক সংবাদদাতা বলেন, আমি ব্রুকলিনে আছি। আমার অ্যাপার্টমেন্ট এমনভাবে কেঁপেছে যেন একটি মালবাহী ট্রেনের নিচে গর্জন করছে। রান্নাঘরের সেলফ থেকে কয়েকটি পাত্র মেঝেতে পড়ে যায়। কিন্তু গুরুতর ক্ষতি হয়নি।

অপরদিকে এএফপি জানিয়েছে, ভূমিকম্পের সময় জাতিসংঘের সদর দপ্তরে গাজা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিল। ভূমিকম্পের পর সাময়িকভাবে বৈঠকটি স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। ভূমিকম্পের সময় তিনি বলে ওঠেন ‘এটা কি ভূমিকম্প?’

নিউ ইয়র্কবাসী প্রতিকূল আবহাওয়া ও ঝড়ের সঙ্গে পরিচিত। তবে তারা ভূমিকম্পে অভ্যস্ত নয়। শুক্রবারের কম্পনটি শহরটিতে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এর আগে ১৯৮৩ সালে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল নিউ ইয়র্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত