ঈদে মুক্তি পাচ্ছে ‘আহারে জীবন’

চিন্তা-আফসোস কোনোটাই নেই পরিচালকের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:২৮ এএম

‘আহারে জীবন’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর নির্মাণে ফিরেছেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। এবারের ঈদুল ফিতরে ডজনখানেকের বেশি সিনেমার ভিড়ে মুক্তি পাচ্ছে এই সিনেমাটিও। তবে নির্মাতা জানালেন, তার কোনো চিন্তা নেই, নেই আফসোসও।

বললেন, ‘আমরা প্রচার-প্রচারণা করছি, ঈদে মুক্তি পাবে সিনেমাটি। আমার সিনেমার শিল্পী ফেরদৌস তো প্রচারণা করছে, সবাইকে বলছে সিনেমাটি দেখার জন্য আর পূর্ণিমা আজ (গতকাল) দেশে এসেছে। কাল-পরশু থেকে সে-ও প্রচারণা করবে।’

অনেকগুলো সিনেমার ভিড়ে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। পর্যাপ্ত হল নেই, হল কতগুলো পাবেন কিংবা এত সিনেমার মধ্যে আপনার সিনেমা নিয়ে কতটা আশাবাদী এমন প্রশ্নে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমার একটা ভালো ছবি বানানোর দরকার ছিল, সেটা বানিয়েছি। আমি ডিস্ট্রিবিউটরকে সিনেমা দিয়েছি, এখন তারা যদি তাদের কাজটা ভালোভাবে করে তাহলেই হবে। আমি কোনো চিন্তা নিতে চাচ্ছি না। আমার কোনো আফসোস নেই। এখন কে কয়টা হল পাবে জানি না। আমার ছবিটা আজকে হল না পাক কালকে হলেও হল পাবে। অনেক লোক আছে যারা টাকা দিয়ে দৌড়ে দৌড়ে সিনেমা চালায়, আমি সেটা পারব না। আর আমাদের সিনেমার হল এখনো চূড়ান্ত হয়নি, তবে দুদিন পর চূড়ান্ত হল লিস্ট দিতে পারব।’

মহামারী করোনার সময়ের গল্পে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। চার বছর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখনই পরিচালকের মাথায় আসে গল্পটা। নিজের জীবন থেকে দেখা সেই গল্পগুলো এই নির্মাতা তুলে ধরেছেন চিত্রনাট্যে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াত, জয় চৌধুরী, মৌমিতা মৌ, মারুফ আকিব, সাহানুর রেবেকা, তুষার খান, অহনা আঁখি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত