সাকিবের জয় হার মাশরাফী-তামিমের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৫২ এএম

সাত সকালে বিকেএসপিতে রুদ্ররূপে দেখা দিলেন আবু হায়দার রনি। তাতে ১০০ ওভারের ম্যাচ স্থায়ী হয়েছে মাত্র ১১০ বল। ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিজে। হয়েছে একগাদা রেকর্ড। তানজিম হাসান সাকিবের পেস তোপে চূর্ণ হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজারা। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা জ্বলে উঠলে বড় জয় পায় আবাহনী। আর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল লড়াই করেও জেতাতে পারেননি প্রাইম ব্যাংককে।

ঢাকা প্রিমিয়ার লিগে নবম রাউন্ডের দিনটা ছিল এমন। একদল জ্বলে উঠেছে, জিতেছে একচেটিয়াভাবে। ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান ও আবাহনী পেসারদের তোপে প্রতিপক্ষকে গুঁড়িয়ে জয় পেয়েছে বড় ব্যবধানে। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ত্রাতা হয়ে ওঠা রনি এবার মতিঝিল পাড়ার ক্লাবের হয়ে ছড়িয়েছেন দ্যুতি। ৬ ওভারে ২০ রানে নিয়েছেন ৭ উইকেট। তাতে রেকর্ড বইয়েও নাম তুলে নিয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার বনেছেন এ বাঁহাতি স্পিনার। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

রনির তোপে লজ্জায় ডুবতে হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। মাত্র ৪০ রানে অলআউট হয়েছে তারা। তার বোলিং সঙ্গী নাসুম আহমেদও করেছেন ৬ ওভার। তার শিকার বাকি ৩ উইকেট। ৪১ রান তুলতে মোহামেডানের লেগেছে ৬.২ ওভার। জয়ের ব্যবধান ৯ উইকেটে। একটি জায়গায় অবশ্য রেকর্ড গড়েই ফেলেছে গাজী টায়ার্স একাডেমি। এই সংস্করণে বাংলাদেশের কোনো দলের সংক্ষিপ্ততম ইনিংস তাদের এই ১২ ওভারে অলআউট হওয়া।

এদিকে ফতুল্লায় তানজিম হাসান সাকিব তুলে নেন লিজেন্ডস অব রূপগঞ্জের ৫ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের প্রথম ওয়ানডেতে তাসকিন-শরিফুল-তানজিম পেস ত্রয়ী নিয়েছিলেন ৯ উইকেট। গতকাল আবাহনীর জার্সিতে ফের এ তিনজনের দাপট দেখা গেল। লিজেন্ডসের সবকটি উইকেট নিজেরা ভাগ করে নিয়েছেন। বয়সে সবচেয়ে ছোট তানজিম ৫টি, মেজ শরিফুল ইসলাম ৩টি, আর সবচেয়ে বড় তাসকিন আহমেদ ২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সাকিবের দ্বিতীয় ফাইফার। তাতে ২৮.৩ ওভারে গুটিয়ে গিয়ে আবাহনীর সামনে মাত্র ১০০ রানের লক্ষ্য দাঁড়িয়েছিল।

১০০ রানের লক্ষ্যে পৌঁছতে মাত্র ১০.৪ ওভার ব্যাটিং করে আবাহনী। নাঈম শেখ ও তাওহীদ হৃদয়ের উইকেট হারালেও ১৮ বলে মোসাদ্দেক হোসেন সৈকতের বিধ্বংসী ৪৮ ও এনামুল হক বিজয়ের ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত দুই ইনিংসে ৮ উইকেটের জয় পেয়েছে আকাশি-নীলরা।

এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে শেখ জামাল। আগে ব্যাট করে শেখ জামাল পায় ২৯২ রানের সংগ্রহ। অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের নায়ক সাইফ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে ১২০ বলে ১১৫ রান করেন তিনি। ১২ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন ২৫ বছর বয়সী ওপেনার। হাসান মাহমুদের সেøায়ার ডেলিভারি ক্রিজের অনেকটা ভেতরে গিয়ে খেলার চেষ্টায় হিট উইকেট হন সাইফ। পরে বল হাতে তিনি নেন তামিম ও মোহাম্মদ মিঠুনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রাইম ব্যাংককে আটকে রাখায় বড় অবদান টিপুর। ৫৩ রান খরচায় ৪ উইকেট নেন ২৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২১৯ রানেই থেমে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।

টানা ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। শেখ জামাল ও মোহামেডানের সংগ্রহ সমান ৯ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে শেখ জামাল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর কাছে হারে রূপগঞ্জ ১০ পয়েন্ট ও বাজে রানরেট নিয়ে নেমে গেছে ৭ নম্বরে। তাদের ওপরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ রাউন্ডের খেলাÑ আবাহনী-প্রাইম, শেখ জামাল-পারটেক্স, রূপগঞ্জ-গাজী টায়ার্স, মোহামেডান-শাইনপুকুর, গাজী গ্রুপ-ব্রাদার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত