বিশ্বকাপের পর যে কারণে নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম

বাবর আজম আবারও পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরেছেন। নতুন পিসিবি প্রধান মহসিন নাকভি দায়িত্ব নিয়েই বাবরকে অধিনায়কত্বের দায়িত্বে ফেরান। যদিও এবার সাদা বলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে বাবরকে। এর আগে ভারত বিশ্বকাপের পর বাবর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তখন পিসিবির প্রধান ছিলেন জাকা আশরাফ। 

শোনা গিয়েছিল, চাপে পড়েই অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর। তিনি নতুন করে আবার অধিনায়ক হওয়ার পর জাকা আশরাফ জানিয়েছেন, কী কারণে বাবর তখন অধিনায়কত্ব ছেড়েছিলেন। 'আমি লাল বলে বাবরকে নেতৃত্বে থাকতে প্রস্তাব দিই, আর সাদা বলে নতুন কাউকে নিয়োগ দিতে চেয়েছিলাম। বাবর বলেছিল, যদি তাকে এক সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সব সংস্করণ থেকেই সে পদত্যাগ করবে' লাহোরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাকা আশরাফ। 

তিনি যোগ করেন, ‘আমি ওকে দলের একজন সাধারণ সদস্য হয়ে খেলতে পরামর্শ দিয়েছিলাম। যেহেতু এটা স্পষ্ট হয়েছে যে অধিনায়কত্বের চাপ ওর জন্য চ্যালেঞ্জিং ছিল।'

বাবরকে নেতৃত্ব থেকে সরানোর পর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। এখন আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ। হুট করে এক সিরিজ পরই আফ্রিদিকে সরিয়ে দেওয়া নিয়েও নানা সমালোচনা হচ্ছে।

জাকা আশরাফ যেমন মনে করেন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে আরও সময় দেওয়া উচিত ছিল পিসিবির, 'শাহিনকে আরও সময় দেওয়া দরকার ছিল, অন্তত ১ বছর। তাহলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর পারফরম্যান্স বিশ্লেষণ করা যেত।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত