ব্রিকসের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৫৩ এএম

অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। গতকাল রবিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেছেন সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

দুদিনের সফরে গতকাল সকালে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীন বাংলাদেশে এটাই ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাসহ তার সঙ্গে থাকা প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এরপর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ভিয়েরা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দুই মন্ত্রী কারিগরি সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি সই করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ‘ব্রিকসে নতুন করে সদস্যপদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্যপদের বিষয়টি বিবেচনা করব। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র রয়েছে। জুলাইতে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।’

এ প্রসঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর জন্য ব্যক্তিগত এক চিঠি (সফরের আমন্ত্রণপত্র) নিয়ে এসেছি। আমি কাল (সোমবার) তার সঙ্গে দেখা করে এটা হস্তান্তর করব। আমি আশা করছি, উনি শিগগরিই ব্রাজিল সফর করবেন।’

ভিয়েরা আরও বলেন, ‘ব্রাজিলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা আমার জন্য সম্মানের। গত এক দশকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। অনেক ইস্যু আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। বিশেষ করে শিক্ষা, কৃষি, বাণিজ্য। আমরা আজকে কারিগরি সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি করেছি, যে ফ্রেমওয়ার্কের আওতায় বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের ব্রাজিলে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার অপার সুযোগ সৃষ্টি করেছি।’

সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্লোবাল সাউথের একটি বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে ব্রিকসে অবদান রাখতে সক্ষম। এ ছাড়া তিন দেশীয় ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা (ইবসা ফোরাম) ফোরামে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। ব্রাজিল এটাকে স্বাগত জানায় এবং আমরা এ বিষয়ে অন্য দুই সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করব।’

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিয়েরা বলেন, ‘যোগ্য নেতৃত্বের জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হয়েছেন।’ রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের অবস্থান নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে, ব্রাজিল সেগুলো সমর্থন করে।’

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘৫২ বছরের মধ্যে এটি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা দিতে তাকে বলেছি। আমাদের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। আইটি সেক্টরে বিনিয়োগ, ওষুধ ও সিরামিকস পণ্য রপ্তানি এবং ব্রিকসে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের ব্রাজিলে বৃত্তির অপার সুযোগ করায় তাকে ধন্যবাদ জানিয়েছি। আমরা ফরেন সার্ভিস একাডেমিতে দুজন ব্রাজিলিয়ান ট্রেইনি ডিপ্লোম্যাটকে ট্রেনিং করার অফার করেছি। আমরা অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছি, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যু নিয়ে বিশেষ করে গাজা নিয়ে আলোচনা করেছি। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং তাদের সমর্থন চেয়েছি। আমরা আশা করছি, বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে এবং মিয়ানমার তাদের লোকদের ফিরিয়ে নেবে।’

কোরবানির আগে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ : বাংলাদেশে কম দামে বিক্রির লক্ষ্যে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা করার প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। গতকাল বিকেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। জবাবে কোরবানির ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিয়েরার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিলের পক্ষ থেকে গরুর মাংস পাঠানোর কথা বলা হয়েছে। যেহেতু সস্তাতেই ব্রাজিল গরুর মাংস দিতে পারে। আমি বলেছি আগামী কোরবানির ঈদ সামনে করে জীবিত গরু পাঠাও।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের বাংলাদেশে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠার প্রস্তাবেব জবাবে আমরা তাদের বলেছি, শুধু বাংলাদেশের মার্কেটের জন্য নয়; এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে মাংস রপ্তানির লক্ষ্য নিয়ে প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠা করতে পারে তারা।’

প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলে বাংলাদেশের ওষুধ রপ্তানির বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো অসুবিধা নেই, তাদের কিছু লাইসেন্সগত প্রক্রিয়া আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে এ বিষয়ে বাংলাদেশের ওষুধশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে রপ্তানির প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ব্রাজিলের পক্ষে কোনো অসুবিধা নেই।

ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানি করতে বাংলাদেশকে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে পোশাক সেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ব্রাজিলও যেহেতু বাংলাদেশের মতোই গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি, তারাও তাদের স্থানীয় শিল্পকে সুরক্ষা দিয়ে থাকে। দেশটি শুধু বাংলাদেশ এবং চীন থেকে তৈরি পোশাক আমদানি করে থাকে। চাহিদার বাকিটা তারা স্থানীয়ভাবে উৎপাদন করার চেষ্টা করে থাকে।

এদিকে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ভিয়েরা গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন। ব্রাজিলের মন্ত্রীর আজ বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমান সভাপতি হিসেবে জি২০-তে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর ওপর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবে। রাত ১১টা ৫৫ মিনিটে ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত