শিবচরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল বাস

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সোমবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর পশ্চিম পাশে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে যাত্রী কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এতে যাত্রী সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, ঢাকাগামী লেনের আড়িয়াল খাঁ সেতুর পশ্চিম পাশে একটি পেঁয়াজবাহী ট্রাক থামানো ছিল। এ সময় বেপরোয়া গতিতে পেছন দিক থেকে এসে নিউ অন্তরা ক্লাসিক নামের একটি বাস ধাক্কা দিলে পিকআপটি ছিটকে সড়কের ওপর পড়ে। এ সময় বাসটির সামনে দুমড়ে-মুচড়ে যায়। বাসের মধ্যে অল্প কয়েকজন যাত্রী ছিল। তারা সামান্য আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বাসের চালকসহ কাউকেই পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত