কুড়িগ্রামে ট্রাক্টর ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী রহিমের বড় ভাই আব্দুর রহমান।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের ‘সড়ককাট বাজার’র পাশে এই দুর্ঘটনাটি ঘটে। তারা উভয়েই ফুলবাড়ি উপজেলার রাবাইটারি গ্রামের মনছের আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলার ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল যোগে দুই ভাই ফুলবাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কের ‘সড়ককাট বাজার’র পাশে একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম (৩০) নামের ওই যুবক নিহত হয় এবং আব্দুর রহমান (৩২) নামের আরেক যুবক গুরুতর আহত হয়। সম্পর্কে তারা আপন ভাই। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত